[ রিপোর্টে :- রকিবুল ইসলাম ম্যাক।]
কুমিল্লার কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকার জালনোটসহ জালনোট ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ এর সিপিসি-২। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা সমমূল্যের জালনোট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে র্যাব ১১, সিপিসি-২, কুমিল্লার ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুন্ডু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে র্যাব -১১ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন অশোকতলা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জালনোট উদ্ধার করা হয়।
উদ্ধার করা জালনোটের মধ্যে ৫০০ টাকার ২০২টি এবং ২০০ টাকার ৪৮৩টি নোট রয়েছে। উদ্ধার হওয়া সব নোটই অত্যন্ত নিখুঁতভাবে তৈরি হওয়ায় সাধারণ মানুষের পক্ষে তা সহজে শনাক্ত করা কঠিন বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তাররা হলেন নোয়াখালী সদর উপজেলার লক্ষীনারায়ণপুর এলাকার গোলাম হোসেনের ছেলে নিশান ইসলাম (২৭) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার পাথুরিয়াপাড়া এলাকার মৃত খবির মিয়ার ছেলে সোহেল আরমান (৪৪)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জালনোট ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। তারা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় জালনোট সরবরাহ করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
র্যাব এর দাবি, আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর হাট ও বিভিন্ন বিপণিবিতানে জাল টাকা ছড়িয়ে সাধারণ মানুষকে প্রতারণার পরিকল্পনা ছিল চক্রটির। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
