[ম্যাক নিউজ ডেস্ক]
দেশের আইন শৃঙ্খলায় রক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্যদের মনে ভয়। পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এই পরিস্থিতিতে গেল কোটা সংস্কার এবং এক দফা দাবির আন্দোলন দমনে তাদের ভূমিকার জন্য কী পরিণতি হয়, তা নিয়ে আতঙ্কে তারা। যোগ দিচ্ছেন না কাজে।
যদিও সারা দেশের পুলিশ সদস্যদের আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার মধ্যে স্ব স্ব থানায় কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম। এক্ষেত্রে পুলিশ সদস্যদের হাসি, ফুল এবং চকোলেট দিয়ে বরণ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ সিনেমার নির্মাতা লিখেছেন, ‘আশা করি, আজ-কালকের মধ্যে পুলিশ ভাই-বোনেরা কাজে যোগ দিবে। নতুন দিনের নতুন পুলিশ হবে তারা, এই আশা আমাদের।’
এরপর সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের উদ্দেশ্য ফারুকী লিখেছেন, ‘আমরা কি একটা কাজ করতে পারি? রাস্তায় কর্মরত পুলিশ দেখলে তাদের সাথে একটু হাসি বিনিময় করতে পারি? পারলে একটু মোলাকাত? একটা ফুল? অথবা চকোলেট?’
কিছু অসৎ পুলিশ কর্মকর্তার জন্য গোটা পুলিশ বাহিনী দোষী হয়েছে, তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে উল্লেখ করে ফারুকী লেখেন, ‘গতকাল আমি সাধারণ কিছু পুলিশের ইন্টারভিউ দেখছিলাম। তারা নিজেরাই ফ্যাসিস্টদের ক্ষমতালিপ্সার কাছে অসহায় ছিল। কিছু খারাপ অফিসার কিভাবে তাদের ব্যবহার করেছে, তাদের পরিবার পরিজন কতটা অনিরাপদ এবং বিব্রত- এইসব বলতে বলতে কেঁদে দিচ্ছিল কয়েকজন পুলিশ সদস্য!’
নির্মাতা আরও উল্লেখ করেন, ‘তারা শুধু একটা দাবিই জানাচ্ছিল- আর কখনো দলীয় পুলিশ হতে চায় না। তারা মর্যাদার সঙ্গে রাষ্ট্রের কর্মচারী হতে চায়!’ সবশেষ পুলিশ বাহিনীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এই নির্মাতা লেখেন, ‘ক্যান উই গিভ দেম সাম কমফোর্ট? জাস্ট সো দে ফিল দে আর ওয়ান অব আস?’
প্রসঙ্গত, শেখ হাসিনার পদত্যাগের পর সোমবার বিকাল থেকে দেশের অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে থাকে। পুড়িয়ে দেওয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। লুট হয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি। এরপর রাজধানীসহ সারা দেশে পুলিশি ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে।
সারা দেশের থানায় থানায় কোনো পুলিশ নেই। এই সুযোগে চুরি-ডাকাতিতে নেমেছে একটি পক্ষ। ঝুঁকিতে প্রতিটি পরিবার। রাস্তায় ট্রাফিক পুলিশ নেই। মঙ্গলবার থেকে ট্রাফিক ব্যবস্থা সামাল দিচ্ছেন ছাত্র-জনতা। এসব সমস্যার দ্রুত সমাধান চান গোটা দেশের সব শ্রেণি-পেশার মানুষ।
